শিক্ষা

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি বা অনলাইন ত্রুটির কারণে বিঘ্নিত হয়।

এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ৭ নভেম্বর রাত ১২টা। তা বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। শনিবার রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এসব শিক্ষার্থীর কেউ একাধিক বিষয় ও পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। সব মিলিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

কারিগরি সমস্যার কারণে যারা আগে আবেদন করতে পারেননি, তারা নতুন সময়সীমা অনুযায়ী রোববার দুপুর ১২টা পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ পাবেন।

ক্যাটাগরি