শিক্ষা

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সবচেয়ে পিছিয়ে বরিশাল

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি হলেও অন্যান্য বোর্ডে এ হার তুলনামূলক কম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ।

এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে। এ বোর্ডে পাস করেছেন ৫২ দশমিক ০৭ শতাংশ পরীক্ষার্থী। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।

উল্লেখ্য, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

ক্যাটাগরি