কর্পোরেট

ওয়ালটনের ‘হাউজফুল অফার’ শুরু, ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর ‘হাউজফুল অফার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

শীত মৌসুম সামনে রেখে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন শুরু করেছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এই ক্যাম্পেইনের আওতায় ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ঘরভর্তি পণ্য ফ্রিসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ রয়েছে। অফারটি চলবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ক্যাম্পেইন শুরুর প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেয়েছেন খুলনার গৃহিণী শতরূপা বিশ্বাস। গত ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কেনার পর তিনি এসব উপহার পান। তাঁর উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।

একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে শতরূপার পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্ধারিত পণ্য কিনে ডিজিটাল নিবন্ধন করতে হবে। এ জন্য ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করা হবে।

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড ব্যবস্থায় ফিরতি খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। এরপর সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ ক্রেতাকে উপহার বুঝিয়ে দেবেন। ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যানসহ নির্ধারিত পণ্য কেনার ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশব্যাপী প্রচারণা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি অফারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থা ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের অন্যতম চালিকাশক্তি। গ্রাহকদের এই আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি পণ্য ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। উপহার প্রদান এবং পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই ব্যবস্থায় গ্রাহকের বিস্তারিত তথ্য নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা পাওয়ার সুযোগ থাকে।

গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতে নিয়মিত বিরতিতে এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের বিক্রয় বিভাগের প্রধান মো. ফিরোজ আলম।

ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও পরিবেশক নেটওয়ার্কের প্রতিনিধিরাও যুক্ত হন।

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় ‘হাউজফুল অফার’সহ বিভিন্ন সুবিধা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্যাটাগরি