রাজধানী

দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচি প্রকাশ,ট্রেন চলবে ১০-২০ মিনিট পরপর

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতে বিশেষ সময়সূচি অনুযায়ী চলবে ঢাকার মেট্রোরেল। এ সময় যাত্রীচাপের ওপর ভিত্তি করে পিক আওয়ারে ১০ মিনিট এবং সাধারণ সময়ে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। যাত্রী চাহিদা অনুযায়ী ট্রেনের মধ্যবর্তী বিরতিও সমন্বয় করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে নির্ধারিত চার দিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

এই সময়সূচিতে দিনের অধিকাংশ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতের দিকে যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হতে পারে। নির্ধারিত চার দিনে দুই অভিমুখে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

এ ছাড়া আগামী ২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সময়সূচিতে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ওই দিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায়। আর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। এ দিন দুই অভিমুখে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

ডিএমটিসিএল জানায়, ছুটির সময় হঠাৎ যাত্রীচাপ বেড়ে গেলে তা সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম এবং মূল ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন তাৎক্ষণিকভাবে চালু করে ট্রেন চলাচলের মধ্যবর্তী বিরতি সমন্বয় করা হবে।

যাত্রীদের সুবিধা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় সামাল দিতেই চাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি সমন্বয়ের এই ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্যাটাগরি