জাতীয়

ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের ১০০টি ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় ঢাকা থেকে ১০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। শনিবার (১০ অক্টোবর) থেকে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের সাতটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের সাতটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে ট্রানজিট নিয়ে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি এয়ারলাইনসগুলো।

এর আগে ১১ অক্টোবর হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে সৌদি আরবের এই দুই গন্তব্যে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতির কারণে যাত্রা পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে সংশ্লিষ্ট যাত্রীদের।

ক্যাটাগরি