সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে এনআইডি ও আইডি কার্ড বাধ্যতামূলক

সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রাপ্ত বা অপ্রত্যাশিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে এবং সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে সঙ্গে পরিচয়পত্র বা এনআইডি (NID) কার্ড রাখতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। দেশের প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিগণ প্রতিদিন সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের এজলাসে বিচারকার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারক, মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবী ও সংশ্লিষ্টদের নিরাপত্তা এবং স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও সুপ্রিম কোর্টে প্রবেশের সময় পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন, যা এই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাকে বিঘ্নিত করছে।
এ অবস্থায় রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে জরুরি প্রয়োজনে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কিংবা অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
ফিনান্সিয়াল বার্তা/এইচ



