চেক ডিজঅনারের মামলা: ৫ লাখ টাকা পর্যন্ত বিচার করবেন ম্যাজিস্ট্রেট

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ অনুযায়ী বিচারিক এখতিয়ার নির্ধারণ করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায় অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত অঙ্কের চেক ডিজঅনারের মামলার বিচার করবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার করবেন যুগ্ম জেলা জজ আদালত।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন জানান, গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ সংশোধনের মাধ্যমে চেক ডিজঅনারের মামলার বিচারিক এখতিয়ার পুনর্নির্ধারণ করা হয়। সংশোধিত আইন অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত অঙ্কের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের মামলার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে।
তবে সংশোধিত আইন কার্যকর হওয়ার পরও আদালতে এর যথাযথ প্রয়োগ হচ্ছিল না বলে জানান তিনি।
আইনজীবী বলেন, জয়পুরহাটের ১ লাখ ৮৬ হাজার টাকার একটি চেক ডিজঅনারের মামলা যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ছিল। গত ২৮ অক্টোবর ওই মামলার বিষয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। সংশোধিত আইনের সঙ্গে বিচারিক এখতিয়ারের অসামঞ্জস্য চ্যালেঞ্জ করে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় আবেদনটি করা হয়।
তিনি আরও জানান, ২৯ অক্টোবর মামলাটির রায়ের তারিখ নির্ধারিত ছিল। পরে হাইকোর্ট প্রাথমিক আদেশ দেন। শুনানি শেষে গতকাল আদালত রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।
হাইকোর্টের এ রায়ের ফলে সংশোধিত আইনের আওতায় ৫ লাখ টাকা বা তার কম অঙ্কের যেসব চেক ডিজঅনারের মামলা বর্তমানে যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে, সেগুলোর বিচার করার এখতিয়ার ওই আদালতের আর থাকছে না। আইন অনুযায়ী, এসব মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে।
অন্যদিকে ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনারের মামলার বিচারিক এখতিয়ার থাকবে যুগ্ম জেলা জজ আদালতের হাতে।



