স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর দেখছি, সংসদে জামায়াত আমির

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্পষ্ট জবাব দাবি করেন জামায়াত আমির।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। মাঠপর্যায়ের বিভিন্ন স্থান থেকে শুরু করে আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সম্প্রতি সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমন করতে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েক দিন আগে সাজেক ভ্যালিকে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল।
এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনাও সংসদে তুলে ধরেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, এতগুলো ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী কাকে কোথায় গ্রেপ্তার করেছে, সে বিষয়ে কোনো তথ্য তাঁদের কাছে নেই।
দেশে বিজিবি, এসআরবি, এপিবিএন, নিয়মিত পুলিশ বাহিনী ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশে বিভিন্ন স্তরে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা রয়েছে। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারের জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। পুরো দায় সরকারকে নিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’
বক্তব্যের শেষ পর্যায়ে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেওয়া যাবে না।’



