রাজনীতি

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় যৌথ তদন্ত কমিটি, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনকে নিয়ে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে ঘটনার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লাগে, সেটি থেকে ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন নুসরাতের বাবা-মা। মূলত টিনশেড বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।

ঘটনার পরপরই প্রশাসনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পেট্রোল বোমার আলামত মেলেনি

তদন্তের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা এবং ঘটনাস্থলের আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।

ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আগুনে মারা গেছে দুটি ছাগল

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলও মারা গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে।

একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেশের সবার জন্যই উদ্বেগের বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এর পেছনে কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি