‘নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন’, সংসদে নাহিদ ইসলাম

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে এ প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি সরকারের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে স্পষ্ট জবাব দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট উল্লেখ করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
আওয়ামী লীগের বিচার এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’
সংরক্ষিত নারী আসনে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। তাহলে ওসি কীভাবে এ মন্তব্য করেছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
তবে পুলিশের পক্ষ থেকে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন এনসিপি আহ্বায়ক।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না-এমন প্রশ্ন তোলেন তিনি।
ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ



