আইন-আদালত

নির্ধারিত সময়েই হবে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, হাইকোর্টের আদেশ স্থগিত

ছবি : সংগৃহীত

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

এর ফলে বুয়েট, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় নিজ নিজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।

এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপার তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের পথ খুলে গেল।

ক্যাটাগরি