রাজধানী

চুরি হওয়া ম্যাকবুক ফিরে পেলেন জার্মান পর্যটক, পুরস্কৃত ২ পুলিশ কর্মকর্তা

ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন আইজিপি আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির উদ্ধার করা ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেন। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা হারানোর পর ক্রিল ল্যান্ডার-ওয়েবার পুলিশের সহযোগিতা চান। পরে বিভিন্ন ইউনিটের সমন্বিত অভিযানে গত ১১ অক্টোবর রাতে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে তাঁর ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে দেশে আসেন ক্রিল। ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় স্টেশনের একটি কক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে সেগুলো খুঁজে না পেয়ে নাটোর থানায় অভিযোগ করেন।

পরে তাঁর লিখিত আবেদনের ভিত্তিতে নাটোর সদর থানা-পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হারিয়ে যাওয়া ল্যাপটপে ক্রিলের গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। ল্যাপটপটি ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।

এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার পুলিশি সেবা দেওয়া, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন।

ক্যাটাগরি