দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে।
২০২৬ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার ছুটির সূচি অনুযায়ী, কলেজে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময় দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকবে।
ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের টানা ১৬ দিনের বিরতির সুযোগ তৈরি হতে পারে।
সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি পাবেন।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও রয়েছে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দুর্গাপূজা উপলক্ষে অভিন্ন ছুটির সময়সূচি নেই। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে একেক বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়কাল ও দিনসংখ্যা আলাদা হতে পারে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



