শিক্ষা

দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন তুলেছেন, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার হলেও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য কেন বিদেশি কর্মী আনতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা। উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা দেশের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর অবদান রাখতে পারেন।

সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তা দিতে নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের এসব কার্যক্রমের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে শিক্ষার মান সমুন্নত রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মো. ইমরান হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ কে এম সালাহউদ্দিন নাগরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি