অর্থনীতি

সিস্টেম আধুনিকায়ন: ১৯ ব্যাংকের কার্ড ও এটিএম সেবা বন্ধ ৬ দিন

ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আধুনিকায়নের অংশ হিসেবে দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম বুথসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা টানা প্রায় ছয় দিন বন্ধ থাকবে। ফলে এই সময়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের নগদ টাকা উত্তোলন, কার্ডে কেনাকাটা এবং অনলাইন লেনদেনে সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ‘কিউ-ক্যাশ’ (Q-Cash) নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এই সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।স্থগিত থাকাকালীন সময়ে গ্রাহকরা নির্ধারিত ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন না। এর পাশাপাশি পিওএস (POS) মেশিনে কার্ড ব্যবহার করে কেনাকাটা, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) সেবা এবং ই-কমার্সভিত্তিক অনলাইন লেনদেনও বন্ধ থাকবে।

যেসব ব্যাংকের কিউ-ক্যাশ নেটওয়ার্কভিত্তিক সেবা বন্ধ থাকবে সেগুলো হলো—

১. ব্যাংক এশিয়া ২. জনতা ব্যাংক ৩. বাংলাদেশ কৃষি ব্যাংক ৪. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ৫. কমিউনিটি ব্যাংক ৬. যমুনা ব্যাংক ৭. মিডল্যান্ড ব্যাংক ৮. মেঘনা ব্যাংক ৯. মার্কেন্টাইল ব্যাংক ১০. মধুমতি ব্যাংক ১১. ন্যাশনাল ব্যাংক ১২. এনআরবিসি ব্যাংক ১৩. এনসিসি ব্যাংক ১৪. রূপালী ব্যাংক ১৫. শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ১৬. সীমান্ত ব্যাংক ১৭. সোশ্যাল ইসলামী ব্যাংক ১৮. ট্রাস্ট ব্যাংক ১৯. উত্তরা ব্যাংক

ব্যাংক কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিগত কাজ শেষ হওয়ার সাথে সাথেই পর্যায়ক্রমে সব সেবা পুনরায় চালু করা হবে। তবে শাখাভিত্তিক স্বাভাবিক ব্যাংকিং লেনদেন এই নির্দেশনার আওতামুক্ত থাকবে কি না, তা স্ব-স্ব ব্যাংকের নিজস্ব বিজ্ঞপ্তির ওপর নির্ভর করবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে, ওই ছয় দিনে প্রয়োজনীয় আর্থিক লেনদেন আগেভাগেই সম্পন্ন করে রাখার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি