চড়া দামে এলএনজি আমদানি, চার মাসেই ব্যয় ৩০ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। চড়া দামে এলএনজি আমদানি করতে গিয়ে বাড়ছে ডলারের চাহিদা। একই সঙ্গে সরকারের ভর্তুকি ব্যয়ও ছাড়িয়ে যাচ্ছে বরাদ্দের সীমা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। বিপরীতে এ সময়ে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ৩৪টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ৯টি, আগস্টে ৬টি, সেপ্টেম্বরে ৯টি এবং অক্টোবরে ১০টি কার্গো এসেছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের কারণে এলএনজির দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ছিল ১০ থেকে ১২ ডলার। বর্তমানে তা বেড়ে প্রায় ৩০ ডলারে পৌঁছেছে। ফলে জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে সরকারকে।
স্পট মার্কেটের ওপর বাড়ছে নির্ভরতা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় এলএনজি সংগ্রহে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে সরবরাহ বন্ধ থাকায় স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে বাংলাদেশকে।
তবে উচ্চমূল্য দিয়েও প্রয়োজনীয় এলএনজি কার্গো সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। গত আগস্টে কয়েকটি কার্গো কেনার জন্য তিন দফায় দরপত্র আহ্বান করা হলেও শেষ পর্যন্ত তিনটির মধ্যে দুটি সংগ্রহ করা সম্ভব হয়। সেপ্টেম্বরে ভিটল এশিয়া ও টোটাল এনার্জিসের কাছ থেকে যথাক্রমে ২৯ দশমিক ৭৯৫ ও ২৮ দশমিক ৯৫ ডলারে এলএনজি কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়।
ডিপিএম পদ্ধতিতে এলএনজি কেনা নিয়ে প্রশ্ন
জ্বালানি সংকটের মধ্যে এলএনজি আমদানিতে সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএমের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। জ্বালানি খাতসংশ্লিষ্টদের অভিযোগ, জরুরি আমদানির সুযোগ কাজে লাগিয়ে কমিশন বাণিজ্যের পুরোনো চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলএনজি আমদানিতে ডিপিএম পদ্ধতি চালুর জন্য একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে। তবে এ পদ্ধতি নিয়মিত ক্রয়ব্যবস্থা হিসেবে ব্যবহার করা উচিত নয়। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলেও কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া কিংবা প্রতিযোগিতা সীমিত করার সুযোগ থাকা উচিত নয়।
গত ১৩ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিপিএম পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড ও শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
একই বৈঠকে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল ও ট্রাফিগুরার কাছ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এলএনজি সংগ্রহের প্রস্তাব অনুমোদন পায়। এ ছাড়া ডিসেম্বর থেকে ২০২৭ সালের মধ্যে ট্রাফিগুরার কাছ থেকে মোট ৯টি কার্গো আমদানির চূড়ান্ত দর প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
আট বছরে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা
পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আট বছরে এলএনজি আমদানিতে মোট ব্যয় হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। এ সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা।
শুধু ২০২৫-২৬ অর্থবছরেই এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ৫৮ হাজার ৭৮৭ কোটি টাকা। এর বিপরীতে ভর্তুকি দিতে হয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা।
চলতি অর্থবছরের প্রথম চার মাসেই ভর্তুকি ব্যয় দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। অথচ পুরো অর্থবছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে জ্বালানি খাতে সরকারের আর্থিক চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যুৎ বিল ও জীবনযাত্রার ব্যয়েও প্রভাব
এলএনজি আমদানির ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। জ্বালানির বাড়তি খরচ সামাল দিতে বিদ্যুতের দাম বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ গ্রাহকদের ওপর। গত জুনে বিদ্যুতের বিল ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মিলন শেখ বলেন, বিদ্যুতের বিল বাড়ার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য সেবার দামেও পড়ছে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
বিকল্প জ্বালানি ও স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যানালিসিসের (আইইইএফএ) বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, এলএনজির আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য বড় চ্যালেঞ্জ। অব্যবহৃত দেশীয় গ্যাসসম্পদ কাজে লাগানো, জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ করা গেলে বাংলাদেশ বেশি লাভবান হবে।
অন্যদিকে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার এবং জ্বালানি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি বাজেটের ওপর চাপ আরও বাড়তে পারে।



