ডিআইইউতে গবেষণা ও গ্রান্ট রাইটিং প্রশিক্ষণ, অংশ নিলেন ১৬২ শিক্ষক

গবেষণা অনুদান প্রাপ্তি, প্রতিযোগিতামূলক প্রস্তাবনা তৈরি ও আন্তর্জাতিক অর্থায়ন সংগ্রহে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘গবেষণা ও গ্রান্ট রাইটিংয়ে উৎকর্ষ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬২ জন শিক্ষক নিবন্ধন করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) ডিআইইউর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্স’-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’ এবং ‘গবেষণা বিভাগ’ যৌথভাবে কর্মসূচিটির আয়োজন করে।
প্রশিক্ষণে গবেষণা ও অনুদান প্রস্তাবনা লেখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদান প্রাপ্তি ও ব্যবস্থাপনা, প্রতিযোগিতামূলক গবেষণা প্রস্তাবনা তৈরি এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানের অগ্রাধিকার ও মূল্যায়ন মানদণ্ডের সঙ্গে প্রস্তাবনার সামঞ্জস্য তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া গবেষণা প্রস্তাব পর্যালোচনাকারীদের প্রত্যাশা বোঝা, দক্ষ ও বহুবিষয়ক গবেষণা দল গঠন, শক্তিশালী গবেষণা পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবসম্মত বাজেট তৈরির কৌশল নিয়েও প্রশিক্ষণে আলোচনা করা হয়।
কৌশল ও উদ্ভাবনবিষয়ক উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান প্রধান প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন।
গবেষণা বিভাগের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ‘গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্স’-এর সদস্যরা অংশগ্রহণকারী শিক্ষকদের কারিগরি সহায়তা দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকরা কর্মসূচিটিকে হাতে-কলমে ও অংশগ্রহণমূলক হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক গবেষণা সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য অর্থায়ন সংগ্রহে শিক্ষকদের সক্ষমতা বাড়ানো এবং গবেষণার মান ও বৈশ্বিক প্রভাব বিস্তারে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকরা।



