৫১তম বিশেষ বিসিএসের আবেদন যেভাবে করবেন, ফি ২০৫ টাকা

৫১তম বিশেষ বিসিএসের অনলাইন আবেদন, ফি পরিশোধ ও প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০৫ টাকা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও ৫১তম বিশেষ বিসিএসের আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে। প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আবেদন ফরম পূরণের সময় প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল দিতে হবে। শিক্ষা বোর্ডের ডেটাবেইসের সঙ্গে এসব তথ্য যাচাইয়ের পর প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। এসব তথ্য পরে পরিবর্তনের সুযোগ থাকবে না।
আবেদন ফরমে তিনটি প্রধান অংশ থাকবে—ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার পছন্দ।
ব্যক্তিগত তথ্যের অংশে জন্মতারিখ, লিঙ্গ, চাকরির অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট নম্বর, উচ্চতা, ওজন ও বুকের মাপ দিতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি। নারী প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার এবং ওজন ৪০ দশমিক ৮২ কেজি হতে হবে।
দুটি পদে নিয়োগ
৫১তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারের দুটি পদে নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদের ক্যাডার কোড ৪১০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদের ক্যাডার কোড ৪৫০।
সহকারী সার্জন পদে আবেদন করতে প্রার্থীর এমবিবিএস ডিগ্রির তথ্য দিতে হবে। অন্যদিকে সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস ডিগ্রির তথ্য প্রয়োজন হবে।
সব তথ্য পূরণ করার পর ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ দেখে আবেদনকারীকে সব তথ্য যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে এ পর্যায়েই সংশোধন করতে হবে।
এরপর নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।
তবে আবেদন ফি পরিশোধ করার পর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না। তাই ফি দেওয়ার আগে আবেদন ফরমের সব তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
৫১তম বিশেষ বিসিএসের আবেদন ফি কত
টেলিটকের প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
সাধারণ প্রার্থীদের মূল আবেদন ফি ২০০ টাকা। শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের চার্জ ও ভ্যাটসহ মোট ২০৫ টাকা পরিশোধ করতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মূল ফি ৫০ টাকা। যাচাই চার্জসহ তাদের মোট ৫৫ টাকা দিতে হবে।
ফি পরিশোধ সম্পন্ন হলে প্রার্থীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে এই পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।
তদবির করলে অযোগ্য
বিপিএসসি জানিয়েছে, ৫১তম বিশেষ বিসিএসের আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপলে হেল্পলাইনের সহায়তা পাওয়া যাবে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



