‘শ্রাবণের মেঘ’ গানের ভিডিও ভাইরাল, গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন বিউটি রানী

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে হাঁটা ও নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষকদের মধ্যে বিউটি রানী পালসহ আরও ছয়জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হবে।
সিলেট জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন করা হয়। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের একটি স্মারকে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিউটি রানী পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় তার নাম ছিল।
‘শ্রাবণের মেঘ’ গানের ভিডিও নিয়ে আলোচনা
গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে বিউটি রানী পালের হাঁটা ও নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভিডিওটি প্রকাশের পর অনেকে তাকে নিয়ে ট্রল ও সমালোচনা করেন। এমনকি ভিডিও করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।
তবে এমন পরিস্থিতিতে বিউটি রানী পালের পাশে দাঁড়ান তার সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক ও অন্যান্য পেশার মানুষ একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান। তারা ব্যক্তি স্বাধীনতা ও সৃজনশীল চর্চার পক্ষে মত দেন।
আলোচনা-সমালোচনার সেই ঘটনার পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হলেন বিউটি রানী পাল।



