আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
যেভাবে অনলাইনে এইচএসসির ফল জানা যাবে
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের দুটি ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—
১. https://eduboardresults.gov.bd
২. https://educationboardresults.gov.bd
ওয়েবসাইটের ‘Result’ কর্নারে প্রবেশ করে সংশ্লিষ্ট পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড ও রোল নম্বর দিয়ে ফলাফল জানা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো EIIN নম্বর ব্যবহার করে নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
এসএমএসে যেভাবে ফল জানবেন
মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এসএমএসের ফরম্যাট:
HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএস করতে হবে—
HSC Dha 123456 2026
ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। পরীক্ষার্থীদের অনলাইন, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।



