প্রবাস

কানাডায় বাংলাদেশিকে গাড়িচাপায় হত্যা, এক বছর পর চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের নানাইমোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ মাহাদি রেদওয়ান নিহত হওয়ার ঘটনায় প্রায় এক বছর পর অভিযুক্ত চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। ওয়ায়েল হামাইদ নামের ওই চালকের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে নির্দিষ্ট শর্তে তাকে জামিন দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) কানাডার সংবাদমাধ্যম ‘ভ্যাঙ্কুভার সান’-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে নানাইমোর আইল্যান্ড হাইওয়ে নর্থে হাঁটার সময় গাড়ির ধাক্কায় নিহত হন ২৩ বছর বয়সী মাহাদি। দুর্ঘটনার পর তার মরদেহ মহাসড়কের পাশে ঝোপের মধ্যে পাওয়া যায়।

জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর নিখোঁজ হন মাহাদি। এর আগে ২ নভেম্বর তাকে লংউড স্টেশন এলাকার একটি সুপারমার্কেট থেকে বের হতে দেখা যায়। কোর্টনি যাওয়ার উদ্দেশ্যে তার একটি গাড়িতে ওঠার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছানোয় তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর টার্নার রোড ও মোস্টার রোডের মধ্যবর্তী মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তদন্তের পর ওয়ায়েল হামাইদের বিরুদ্ধে কানাডার ফৌজদারি আইনে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে আদালতের নির্ধারিত কিছু শর্তে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ নভেম্বর আদালতে তার হাজির হওয়ার কথা রয়েছে।

ছয় মাস আগে কানাডায় গিয়েছিলেন মাহাদি

প্রতিবেদনে বলা হয়েছে, মাহাদি মৃত্যুর মাত্র ছয় মাস আগে বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমিয়েছিলেন। তার মৃত্যুর সময় দেশে অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন। এরই মধ্যে তাদের একটি ছেলেসন্তানের জন্ম হয়েছে। মাহাদির নিজের পছন্দ করে রাখা নাম অনুযায়ী সন্তানের নাম রাখা হয়েছে মোহাম্মদ উমাইর।

মাহাদির পরিবারের সহায়তায় আন্তর্জাতিক তহবিল সংগ্রহের ওয়েবসাইট ‘গোফান্ডমি’-তে একটি তহবিল খোলা হয়েছিল। সেখানে ৬০ হাজার কানাডীয় ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে।

তহবিল সংগ্রহের পেজে দেওয়া এক পোস্টে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাহাদির সন্তান জন্মগ্রহণ করেছে। তার নিজের পছন্দ করা নামেই ছেলের নাম রাখা হয়েছে মোহাম্মদ উমাইর।

অভিযুক্ত চালকের বিরুদ্ধে আরও অভিযোগ

আদালতের নথি অনুযায়ী, ওয়ায়েল হামাইদের বিরুদ্ধে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রায় ৩০টি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিষেধাজ্ঞা থাকা অবস্থায় গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং স্টপ সাইন অমান্য করার মতো বিষয় রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে সংঘটিত একটি ঘটনার সূত্রে যৌন নিপীড়নের অভিযোগে ভ্যাঙ্কুভারের একটি আদালতে চলমান আরেকটি মামলার শুনানিতেও তার হাজির হওয়ার কথা রয়েছে।

ক্যাটাগরি