জাতীয়

ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতিমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যে এআই প্রযুক্তিনির্ভর এসব সিগন্যাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। এগুলো কার্যকর হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ঢাকার কয়েকটি রুটে ইতিমধ্যে মেট্রোরেল চালু হয়েছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীর যাতায়াত সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আধুনিক করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

প্রধানমন্ত্রীর মতে, মনোরেল তুলনামূলক কম জায়গা ব্যবহার করে চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতেও এ ধরনের পরিবহন ব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে।

ক্যাটাগরি