জাতীয়

গ্যাসের দাম বাড়ছে না, সরকারের অবস্থান স্পষ্ট করল পেট্রোবাংলা

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সরকার এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা।

শনিবার (১ আগস্ট) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি জানায়, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পর সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করার জন্যই এ বক্তব্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা সরকারের নেই।

এর আগে গ্যাসসংকট ও ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন এবং সিএনজি খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পেট্রোবাংলা। প্রস্তাবে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির গ্যাসের দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার সুপারিশ করা হয়। এ প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমা দেওয়ার পর বিষয়টি গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।

তবে সর্বশেষ পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। ফলে আপাতত গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।

ক্যাটাগরি