অর্থনীতি

ঘরে বসে ৫০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, সুদ সর্বোচ্চ ৯ শতাংশ

ছবি: সংগৃহীত
ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষকে এ ঋণে অগ্রাধিকার দেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির জন্য মোট ১০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যা নির্ধারিত মেয়াদে আবর্তনশীল থাকবে।

কারা পাবেন ৫০ হাজার টাকার ঋণ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস।

এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ স্কিম কার্যকর থাকবে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল

এর আগে গত ১২ নভেম্বর প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পৃথক পুনঃঅর্থায়ন তহবিল গঠনের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

এ তহবিলের আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না।

ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস। এ ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ডের সুবিধাও রাখা হয়েছে।

যেসব পেশার মানুষ ঋণ পাবেন

এ কর্মসূচিতে গ্রাম ও পাড়া-মহল্লাভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশা ও ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বারদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ ছাড়া মুদি দোকানি, ক্ষুদ্র তাঁতি, চা-শ্রমিক, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও আর্থিক সেবার এজেন্ট, ইন্টারনেট সেবাদাতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা এবং ভাসমান খাবার বিক্রেতারাও ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, ফ্রিল্যান্সার, নার্সারি উদ্যোক্তা, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ ঋণের জন্য বিবেচিত হবেন।

কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো প্রান্তিক বা ভূমিহীন কৃষক যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নারী ও বিশেষ জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা

১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের অন্তত ২৫ শতাংশ ঋণ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। নারী উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।

এ ছাড়া নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরা এ কর্মসূচির আওতায় আসবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও অগ্রাধিকার দেওয়া হবে।

প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে।

শিক্ষার্থীদের জন্যও ঋণ

শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। এ ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।

এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে।

যেভাবে আবেদন ও ঋণ বিতরণ

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, এ কর্মসূচির ঋণ ব্যাংকের শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা যাবে।

ঋণের জন্য আবেদনকারীর ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে এমন হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।

৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। এর বেশি ঋণের জন্য ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ঋণ নিশ্চয়তা কর্মসূচির সুবিধা নিতে পারবে।

ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পর প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

ক্যাটাগরি