চকলেট মেডেল’ জিতেই দেশমকে বিদায় দিতে চান কোনাতে, ব্রোঞ্জ লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলার পর এবার সেমিফাইনালেই থেমে গেছে ফ্রান্সের শিরোপা স্বপ্ন। তবে টুর্নামেন্ট থেকে বিদায়ের আগে আজ শনিবার দিবাগত রাত ৩টায় মিয়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের দল।
ম্যাচটি নিয়ে দুই দলেরই আগ্রহ খুব একটা নেই। ইংল্যান্ডের পর এবার ফ্রান্সও স্বীকার করেছে, এই ব্রোঞ্জ লড়াই খেলতে তাদের তেমন ইচ্ছা ছিল না। ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে মজা করে ম্যাচটিকে ‘চকলেট মেডেলের ম্যাচ’ বলে উল্লেখ করেছেন।
তবে অনীহা থাকলেও একটি বিশেষ কারণেই ম্যাচটি জিততে চান কোনাতে ও তার সতীর্থরা। এটি ফ্রান্সের দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের দায়িত্বে শেষ ম্যাচ। বিদায়ী কোচকে জয় উপহার দিতেই সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।
কোনাতে বলেন, “আমাদের কেউই এই ম্যাচ খেলতে চাইনি। কিন্তু উপায় নেই। কোচ দেশম ফ্রান্সের জন্য যা করেছেন, তার প্রতি সম্মান জানাতে আমরা জয়ের জন্য সবকিছু উজাড় করে দেব।”
দেশমও ম্যাচটির গুরুত্ব নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, এটি কোনো প্রীতি ম্যাচ নয়, বরং একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ।
ফরাসি কোচ বলেন, “ইংল্যান্ড যেমন খেলতে চায় না, আমরাও চাই না। তবুও আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের লক্ষ্য তৃতীয় হওয়া এবং ফ্রান্সের জার্সির মর্যাদা রক্ষা করা।”
বিশ্বকাপজয়ী এই কোচ আরও বলেন, নিজের বিদায়কে আবেগের উপলক্ষ বানাতে চান না তিনি। বরং শেষ ম্যাচে ভালো ফল এনে ফ্রান্স অধ্যায়ের ইতি টানাই তার একমাত্র লক্ষ্য।
দুই দলই ফাইনালে ওঠার স্বপ্ন হারালেও, ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাইবে। একই সঙ্গে দেশম যুগের শেষ ম্যাচ হওয়ায় ফ্রান্সের জন্য এই লড়াই বাড়তি আবেগও বহন করছে।



