জুলাই থেকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মুহূর্তেই টাকা পাঠানো যাবে

দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটি চালু হলে যেকোনো ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্য প্রতিষ্ঠানের গ্রাহকের কাছে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যাবে।
নতুন এ প্ল্যাটফর্ম কার্যকর হলে গ্রাহকদের আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠানের হিসাব কিংবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে সরাসরি লেনদেন করা সম্ভব হবে। এতে অর্থ স্থানান্তর সহজ হওয়ার পাশাপাশি নগদ টাকার ব্যবহার কমবে এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়বে।
গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ জন্য ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের অধীনে তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন নিশ্চিত করাই এ প্রযুক্তির উদ্দেশ্য।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় নিয়ে আসাই আইআইপিএসের প্রধান লক্ষ্য। এটি চালু হলে ধীরে ধীরে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।
তিনি বলেন, নতুন ব্যবস্থায় গ্রাহকরা আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।
আইআইপিএসের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। এ জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের পাশাপাশি প্রয়োজনীয় অর্থ নিষ্পত্তি, পরিচালনাগত ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
বর্তমান ডিজিটাল লেনদেন ব্যবস্থায় সীমাবদ্ধতা
বাংলাদেশের বিদ্যমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করেই নতুন প্ল্যাটফর্মটি গড়ে তোলা হবে। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে।
তবে এ ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।
এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনাও ছিল।
তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এতে অংশ না নেওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো প্রয়োজন। আইআইপিএসের মাধ্যমে এ সীমাবদ্ধতা দূর করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক সংযোগ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
দ্রুত ও কম খরচে দেশে আসবে রেমিট্যান্স
নতুন এ প্ল্যাটফর্ম দেশের অভ্যন্তরীণ লেনদেনের পাশাপাশি আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব কিংবা মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এ লক্ষ্য সামনে রেখে গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা কার্যক্রম শুরু করে।
এ গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকেরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর ব্যয় কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় অর্থের প্রবাহ বাড়াতে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।
গবেষকদের মতে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। তবে আন্তর্জাতিক লেনদেন চালুর জন্য বিদেশি অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তির ব্যবস্থা এবং অনুমোদিত আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।
কমবে সরকারের ও ব্যবসায়ীদের ব্যয়
আইআইপিএস চালু হলে ব্যক্তিগত গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও সুফল পাওয়া যাবে। সিরাজুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমে আসবে।
অন্যদিকে নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল পদ্ধতিতে সহজেই উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে সরকার।
সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের বিস্তারের ফলে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, অভিন্ন এ প্ল্যাটফর্ম চালু হলে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়বে। পাশাপাশি আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক লেনদেন ব্যবস্থা গড়ে উঠবে।
তবে উদ্যোগটির সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর। কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আইআইপিএস দেশের লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।



