জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধির পর কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন বলেন, তাদের প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হতে পারে।
তিনি বলেন, জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তারা। সেই হিসাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
মালিক সমিতির এই প্রস্তাব চূড়ান্ত করতে বিআরটিএ তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানান আহমেদ খোকন। তাঁর ভাষ্য, সোমবার অথবা মঙ্গলবার বাসভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। নতুন দাম রোববার রাত থেকেই কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই পরিবহন খাতে বাড়তি ব্যয়ের বিষয়টি সামনে আসে। এরই ধারাবাহিকতায় বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। তবে নতুন বাসভাড়া কার্যকর করতে বিআরটিএ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন।



