ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৩৫ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৭২১ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুর বিভাগে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।
অন্যদিকে, চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭৪ জনের মৃত্যু হয়েছে গত অক্টোবরে। সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জন মারা গেছেন।
এ ছাড়া মে মাসে একজন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।



