জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, দুই কমিশনার নিয়োগ

এ. কে. এম. আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।

সোমবার (১৭ আগস্ট) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী তিনজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আইনের ধারা ৫-এর উপধারা (১) অনুযায়ী কমিশনারদের মধ্য থেকে বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবসরে যান। এর আগে তিনি হাইকোর্ট বিভাগেও বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর প্রায় সাড়ে পাঁচ মাস দুদক কমিশনশূন্য ছিল।

কমিশন পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়। কমিটি কয়েক দফা বৈঠকের পর ছয়জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠায়। সেখান থেকে তিনজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাদের মধ্য থেকে বিচারপতি আসাদুজ্জামানকে চেয়ারম্যান করা হয়েছে।

আইন অনুযায়ী, দুদক চেয়ারম্যানের বেতন, ভাতা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান। আর দুই কমিশনারের বেতন, ভাতা ও পদমর্যাদা হাইকোর্ট বিভাগের বিচারকের সমতুল্য নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি