দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ (শুক্রবার) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, যা ভ্যাপসা গরম অনুভূত হওয়ার অন্যতম কারণ।
আবহাওয়ার এই পরিস্থিতিতে বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।




