দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন টানা ৫ দিনের দীর্ঘ ছুটি।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটি অনুমোদন দেওয়া হয়।
সরকারি ছুটির বিদ্যমান তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা ছিল। এরপরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর নতুন করে ছুটি ঘোষিত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির আমেজ থাকবে।
তবে পূজা উপলক্ষে এই বাড়তি ছুটির সমন্বয় করতে পরবর্তী সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে পূজার আমেজ শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উদযাপিত হবে দুর্গাপূজা।



