অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, দেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করা নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

এদিকে প্রবাসী আয়ের প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ হাজার ২৭৬ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের ১৮ নভেম্বর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, শুধু ১৭ নভেম্বর একদিনেই দেশে ৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, অর্থবছরের এই সময়ে প্রবাসী আয়ে বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।

ক্যাটাগরি