দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল, একদিনে প্রাণ গেল ৬ জনের

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে ৯০৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।
একদিনে আক্রান্ত ১১০১ জন
গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১ জন। একই সময়ে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১ জন।
১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৭ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর এই পরিসংখ্যানের কারণে দেশের চলমান হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে শিশুদের মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্বও সামনে এসেছে।



