পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় মেডলগের সাথে চুক্তি স্বাক্ষর

আভ্যন্তরীণ লজিস্টিকসে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুইজারল্যান্ড -ভিত্তিক মেডলগ আগামী ২২ বছর ঢাকার অদূরে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইসিটি) ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। এ উপলক্ষে সোমবার (১৭ নভেম্বর) ঢাকার একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এমন মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় সরকারি ও মেডলগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, “বন্দর ব্যবস্হাপনার ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তিটি বাংলাদেশের লজিস্টিক ও বাণিজ্য অবকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করছে।”
তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম একটি আধুনিক ও প্রতিযোগিতাশীল বাংলাদেশের সুফল পাবে এবং এই বিনিয়োগ দেশের তরুণদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
মেডলগের বৈশ্বিক দক্ষতা ও দেশের কৌশলগত পরিকল্পনা মিলিয়ে টেকসই প্রবৃদ্ধির পথ তৈরি হবে। অভ্যন্তরীণ লজিস্টিক খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।”
চুক্তি সম্পর্কে মেডলগ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত বলন, “পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে লজিস্টিক দক্ষতার ক্ষেত্রে নতুন গড়ে তোলার অপরিসীম সম্ভাবনা রয়েছে। মেডলগের বিশ্বব্যাপী দক্ষতা কাজে লাগিয়ে এবং আমাদের পরিকল্পনা কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা টেঁকসই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো। এছাড়া আভ্যন্তরীণ লজিস্টিকের ক্ষেত্রে এ অঞ্চলকে বাংলাদেশের শীর্ষ স্থানে নিয়ে যেতে পারবো।”
তিনি আরো বলেন, “মেডলগ পরিচালনাগত উৎকর্ষতা, প্রযুক্তি ও বিনিয়োগকে কাজে লাগিয়ে প্রকল্পটি বাণিজ্যিকভাবে উজ্জীবিত করবে। সরবরাহ শৃঙ্খলাকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের লজিস্টিক খাতকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী মেডলগ বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম, সরবরাহ ও অটোমেশন তত্ত্বাবধান করবে। এছাড়া আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে টার্মিনালের বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতা ১ লাখ ৬০ হাজার TEU পর্যন্ত উন্নীত করা হবে।
মাল্টিমোডাল সংযোগ জোরদার করতে মেডলগ অভ্যন্তরীণ বার্জের মাধ্যমে নৌপথে পণ্য পরিবহন করবে। এছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও রিফার যানবাহন ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত সরবরাহ চ্যানেল খোলা হবে, যা আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য বড় সহায়ক হবে।
টার্মিনালের আধুনিক সুবিধার মধ্যে রয়েছে দুটি মোবাইল হারবার ক্রেন, রিফার কানেকশন, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, খালি কন্টেইনার স্টোরেজ, মেরামত ইয়ার্ড এবং ১০ হাজার বর্গমিটার পর্যন্ত বিস্তৃত কন্টেইনার ফ্রেইট স্টেশন। এছাড়া টার্মিনাল সংলগ্ন জমি তুলা গুদামজাতকরণ ও ড্রাই স্টোরেজের জন্য ব্যবহারযোগ্য হবে।



