শেয়ার বাজার

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪ কোটি টাকা

ছবি: সংগৃহীত
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় ও মুনাফায় প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ২২০ কোটি ৮৯ লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের নিট রাজস্ব আয় হয়েছে ১ হাজার ৬৭৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৬৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ২৮৭ টাকা ৬ পয়সা। পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস হয়েছে ৩৮৮ টাকা ১ পয়সা।

অন্যদিকে, আগের বছরের তুলনায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে। তবে এ সময়ে ইতিবাচক নিট পরিচালন নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পরিচালন দক্ষতা বৃদ্ধি, কার্যকরী মূলধনের সর্বোত্তম ব্যবহার এবং আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে ওয়ালটন। পাশাপাশি দেনাদারদের কাছ থেকে পাওনা আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়সীমা যথাযথভাবে ব্যবস্থাপনা এবং তারল্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ক্যাটাগরি