বিদ্যুৎ বিতরণ আধুনিকায়নে বাংলাদেশকে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ

ঢাকা ও আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থে ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন সাবস্টেশন, ট্রান্সফরমার ও বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপন করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবি জানায়, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো উন্নত করা হবে। এসব সমিতি রাজধানীর আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।
প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার (এমভিএ) নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন করা হবে। পাশাপাশি ১২টি বিদ্যমান সাবস্টেশনের সক্ষমতা আরও ১১৫ এমভিএ বাড়ানো হবে।
এ ছাড়া প্রকল্পের আওতায় ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ অথবা আধুনিকায়ন করা হবে। বিতরণ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টরও স্থাপন করা হবে।
এডিবির ঋণে বাস্তবায়িত প্রকল্পটির মাধ্যমে রাজধানী ও আশপাশের শিল্প-নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও স্থিতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকাগুলোতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করাই প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।



