আর্জেন্টিনা নাকি স্পেন? বিশ্বকাপ ফাইনালের আগে নিজের পছন্দ জানালেন জন টেরি

বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালকে সামনে রেখে শিরোপার দৌড়ে নিজের পছন্দের দল জানিয়ে দিয়েছেন ইংল্যান্ড ও চেলসির সাবেক অধিনায়ক জন টেরি। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনই কিছুটা এগিয়ে। আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি।
ফাইনালে ওঠার পথে স্পেন দুর্দান্ত ছন্দে রয়েছে। সেমিফাইনালে তারা ২-০ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করে। অন্যদিকে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

দুই সেমিফাইনালই গ্যালারি থেকে দেখেছেন জন টেরি। ম্যাচ বিশ্লেষণে তিনি বলেন, স্পেনের রক্ষণভাগই তাদের সবচেয়ে বড় শক্তি। তার ভাষায়, ‘স্পেন পুরো টুর্নামেন্টে খুব কম গোল হজম করেছে। বাম প্রান্তে মার্ক কুকুরেয়া অসাধারণ খেলছে। আমার বিশ্বাস, আর্জেন্টিনাকে হারানোর সামর্থ্য তাদের আছে।’
আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও মন্তব্য করেন টেরি। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণ ডান দিক দিয়ে, যেখানে লিওনেল মেসি খেলেন। তবে মেসির মতো একজন খেলোয়াড় যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের লড়াইয়ের মানসিকতা ছিল অসাধারণ। তারপরও আমি স্পেনকেই ফেভারিট মনে করি।’
একই সুরে কথা বলেছেন স্কটল্যান্ডের কিংবদন্তি গ্রায়েম সুনেসও। তার মতে, স্পেন সামান্য এগিয়ে থাকলেও আর্জেন্টিনাকে অবমূল্যায়নের সুযোগ নেই। কারণ, বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতা আর্জেন্টিনার অন্যতম বড় শক্তি।
ফাইনালটি দুই দলের জন্যই ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। আর্জেন্টিনা জিতলে এটি হবে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন।
এর আগে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।




