ব্যাংক বীমা

ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি নিয়ে সাউথইস্ট ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা এবং ব্যাংকগুলোর করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ‘রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংকিং’ শীর্ষক এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সুপারভিশরি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুর রব ঝুঁকিভিত্তিক ব্যাংক তদারকি, সুপারভাইজরি ফ্রেমওয়ার্ক, ঝুঁকি মূল্যায়ন এবং কমপ্লায়েন্স সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক প্রকৌশলী খন্দকার বদরুল হাসান এবং পরিচালক মো. রফিকুল ইসলাম (নমিনি অব এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি) তাঁদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন।

কর্মসূচিতে ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক পরিপালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি কাঠামো সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ কর্মসূচির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা চর্চার প্রসার এবং বাংলাদেশ ব্যাংকের পরিবর্তনশীল তদারকি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও প্রত্যাশা পরিপালনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সাউথইস্ট ব্যাংক।

ক্যাটাগরি