কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন কমিউনিটি ব্যাংকের এমডি

প্রতিষ্ঠানের অগ্রগতি, কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে মতবিনিময় সভা করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
গত ১৪ নভেম্বর ঢাকার ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ম্যাজেস্টিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিএসই ও সিসিইরা অংশ নেন।
সভায় মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি, অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু আর্থিক অর্জনের ওপর নির্ভরশীল নয়। বরং কর্মীদের দক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সেই সাফল্য টেকসই হয়। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রত্যেক কর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, বিভিন্ন সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের প্রশ্ন ও মতামতের জবাব দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদান ও ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা ১০ জন সিএসই ও সিসিইকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। পরে মধ্যাহ্নভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ব্যাংকের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সব পর্যায়ে সহযোগিতা ও দায়িত্বশীলতার সংস্কৃতি গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। সম্মিলিত দক্ষতা, নিষ্ঠা ও অভিন্ন লক্ষ্য নিয়ে আধুনিক ও টেকসই ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে কমিউনিটি ব্যাংক।



