ব্যাংক বীমা

শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পুলিশকে ১ কোটি ৩০ লাখ টাকা দিল কমিউনিটি ব্যাংক

ছবি: সংগৃহীত
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুদের নিরাপদ পরিচর্যার পরিবেশ উন্নয়নে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বুধবার (১১ নভেম্বর) ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।

অনুদানের মধ্যে ঢাকার উত্তরায় অবস্থিত এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থী, শিশু ও সেবাগ্রহীতাদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক।

ব্যাংকটি মনে করে, একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু আর্থিক প্রবৃদ্ধি বা ব্যবসায়িক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণে অবদান রাখার মাধ্যমেও প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটে।

‘ট্রাস্ট, সিকিউরিটি ও প্রগ্রেস’-এই মূল দর্শন ধারণ করে ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক কল্যাণ ও টেকসই সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ক্যাটাগরি