রমজান সামনে রেখে আলজেরিয়া থেকে খেজুর আমদানির আলোচনা

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি।
রাষ্ট্রদূত জানান, বর্তমানে আলজেরিয়ায় খেজুরের ভরা মৌসুম চলছে এবং দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতিমধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।
এ ছাড়া দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে খেজুরের চালান পৌঁছানো সম্ভব।
বৈঠকে জ্বালানি খাতেও দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম সম্পর্কে জানান দেশটির রাষ্ট্রদূত। পাশাপাশি আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



