অর্থনীতি

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৫ হাজার ১৩৬ কোটি টাকা ক্ষতি

ছবি: সংগৃহীত

তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ ও অন্যান্য ক্ষতি মিলিয়ে ৩১৭টি প্রতিষ্ঠানের সরাসরি ক্ষতি হয়েছে প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকা (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার)। একই সময়ে বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামলেও চলতি নভেম্বরের শুরু থেকে শ্রমিক অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মূলত নভেম্বরের শুরু থেকে সৃষ্ট পরিস্থিতিতে পোশাক খাতের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে বিজিএমইএ।

ক্ষতির পরিমাণ নিরূপণে গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তা জানতে সম্প্রতি সদস্য কারখানাগুলোতে চিঠি দেয় সংগঠনটি। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানা থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ক্ষতির এ হিসাব তৈরি করা হয়েছে।

বিজিএমইএ জানায়, সরাসরি ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং এমনকি সরাসরি ক্রয়াদেশ বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এসব অতিরিক্ত ক্ষতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

সংগঠনটির দাবি, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০টিরও বেশি বলে ধারণা করছে বিজিএমইএ। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।

এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো চলমান রয়েছে। ফলে পোশাক খাতে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

ক্যাটাগরি