সঞ্চয়পত্রের টাকা দ্রুত ও নির্ভুলভাবে পেতে চালু এভিএস

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। নতুন এ ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় দেওয়া ব্যাংক হিসাব নম্বর টাকা পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এ ব্যবস্থা চালু হচ্ছে। অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন বর্তমানে ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে (এনএসসি) স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এ সিস্টেমে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়।
এতদিন সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক যে ব্যাংক হিসাব নম্বর দিতেন, সেটিই সরাসরি সিস্টেমে যুক্ত করা হতো। হিসাব নম্বরে কোনো সংখ্যা ভুল থাকলে ইএফটি ফেরত আসত। পরে তথ্য সংশোধন করে আবার টাকা পাঠাতে হতো। এতে গ্রাহকের ভোগান্তির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজও বেড়ে যেত। ভুল হিসাব নম্বরের কারণে অর্থ অন্যের হিসাবে চলে যাওয়ার ঝুঁকিও ছিল।
নতুন এভিএস ব্যবস্থায় হিসাব নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে তা যাচাই করা হবে। প্রথমে হিসাবটি সঠিক ও সচল কি না, তা যাচাই করা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।
ফলে টাকা পাঠানোর আগেই ভুল বা অসামঞ্জস্যপূর্ণ হিসাব শনাক্ত করা সম্ভব হবে। নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময়ের পাশাপাশি পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও এভিএস ব্যবহার করা হবে।
এর আগে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা চালু ছিল। এবার এর সঙ্গে ব্যাংক হিসাব যাচাই যুক্ত হওয়ায় জাতীয় সঞ্চয় স্কিমের অর্থ পরিশোধ প্রক্রিয়া আরও নিরাপদ ও নির্ভুল হবে বলে জানিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
অর্থ বিভাগের মতে, এভিএস চালুর ফলে ভুল হিসাব নম্বরের কারণে ইএফটি ফেরত আসার ঝুঁকি কমবে, বিনিয়োগকারীর ভোগান্তি ও সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত কাজ কমবে। একই সঙ্গে প্রকৃত হিসাবধারীর ব্যাংক হিসাবে গ্রাহকের প্রাপ্য অর্থ দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছানো সহজ হবে।
কর্মকর্তারা মনে করছেন, জাতীয় সঞ্চয় স্কিমের ডিজিটাল সেবা আধুনিকায়নে এভিএস গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সঞ্চয়পত্রের লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা আরও বাড়বে।



