জাতীয়

২০২৭ সালের হজে প্রাথমিক নিবন্ধন, এখন পর্যন্ত ১,২১২ জনের সাড়া

ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজ পালনের জন্য বাংলাদেশে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। গত ২৭ জুলাই শুরু হওয়া এ নিবন্ধন সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনাতেই আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক নিবন্ধনের জন্য প্রত্যেক হজযাত্রীকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হচ্ছে।

শুক্রবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯১ জনসহ মোট ১ হাজার ২১২ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

বাংলাদেশ প্রতিবছর সৌদি আরব থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা পেয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই কোটা পূরণ হচ্ছে না। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৮৭ হাজারের বেশি মানুষ হজ পালন করেন। ২০২৬ সালে এ সংখ্যা কমে প্রায় ৭৮ হাজার ৫০০ জনে দাঁড়ায়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।

এবারও হজযাত্রী নিবন্ধনে তুলনামূলক কম সাড়া পাওয়ায় হজ এজেন্সিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, হজের সামগ্রিক ব্যয় এবং সৌদি আরবে বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধি এর অন্যতম কারণ।

২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজের মধ্যে বিশেষ প্যাকেজ-১ এর খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ-৩ এর খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা চাইলে ঘোষিত প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। আর যারা একসঙ্গে পুরো অর্থ পরিশোধ করবেন না, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে আগ্রহীরা নিবন্ধন করবেন। সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

তবে বিমানভাড়া কিছুটা কমলেও সৌদি আরবে আবাসন, পরিবহন, মোয়াল্লেম ও ক্যাটারিংসহ বিভিন্ন সেবার ব্যয় বেড়েছে। ফলে সার্বিক হজ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেনি। এ পরিস্থিতিতে ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা শেষ পর্যন্ত কত দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়। তথ্যসূত্র: বার্তা২৪.কম

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি