৩১ লাখ শিক্ষার্থীর খাবারে দৈনিক ব্যয় ৩৮ টাকা

২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে।
কার্যপত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় রয়েছে। শিক্ষার্থীদের বয়স, দৈনিক পুষ্টির চাহিদা, স্থানীয়ভাবে খাবারের প্রাপ্যতা এবং নিরাপদ সংরক্ষণের বিষয় বিবেচনায় নিয়ে খাবারের তালিকা তৈরি করা হয়েছে।
সপ্তাহে পাঁচ দিন পাঁচ ধরনের খাদ্যতালিকার মাধ্যমে শিক্ষার্থীদের খাবার দেওয়া হচ্ছে। রোববার দেওয়া হয় ফর্টিফায়েড বিস্কুট। সোমবার কলা, ইউএইচটি দুধ, বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হয়। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা পায় বনরুটি ও সিদ্ধ ডিম।
প্রাথমিক শিক্ষায় আরও যেসব উদ্যোগ
সংসদীয় কমিটির কার্যপত্রে প্রাথমিক শিক্ষার অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধা নিয়েও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৫ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৪০২টি সচল এবং ৫৯৮টি অচল রয়েছে।
তবে বিতরণ করা ল্যাপটপ ও অন্যান্য যন্ত্রপাতি তদারকির জন্য এখনো কোনো ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যদিও এসব যন্ত্রপাতি কেনা ও বিতরণের তথ্য ব্যবস্থাপনায় ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (আইপিইএমআইএস) একটি মডিউল চালু রয়েছে।
এদিকে আগামী পাঁচ বছরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে ঝরে পড়া এবং শিক্ষার বাইরে থাকা ৫০ লাখ মানুষকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের উপযোগী পৃথক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণেও উদ্যোগ চলছে। এ লক্ষ্যে সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকা তৈরির কাজ করা হচ্ছে। পাশাপাশি সরাসরি নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে।
পিইডিপি-৫-এ থাকছে শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম
কার্যপত্রে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) সম্ভাব্য পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচিতে শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা দেওয়া, বিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালু, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, প্রাক্-প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, আনন্দময় ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এ ছাড়া মিড-ডে মিল কর্মসূচির আওতায় কোনো অঞ্চলের সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা, নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়ন এবং একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
কমিটি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানো, পাঠ্যক্রম যুগোপযোগী করা এবং শ্রেণিকক্ষে এমনভাবে পাঠদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে, যাতে শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়।
এ ছাড়া শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার পাশাপাশি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর সংসদীয় কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশ নেন।



