খেলাধুলা

৩৫০ রান তাড়া করেও জেতা সম্ভব, বিশ্বাস হৃদয়ের

সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয়। ছবি: বিসিবি
সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনের খেলা শেষে স্বস্তিতে নেই স্বাগতিকরা। দিনের পুরোটা সময় ব্যাটিং করে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৫ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার অপেক্ষায় সফরকারীরা।

আগামীকাল পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ কত রান যোগ করবে, কিংবা বাংলাদেশকে কত রানের লক্ষ্য দেবে, তা এখনো নিশ্চিত নয়। তবে পরিস্থিতি যা-ই হোক, ৩৫০ রানও তাড়া করে জেতা সম্ভব বলে বিশ্বাস করেন তাওহিদ হৃদয়।

যদিও এমন লক্ষ্য তাড়া করে জিততে হলে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ, ২৬ বছরের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ২১৭ রান তাড়া করে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আগামীকাল অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। শুরুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি শুরুটা ভালোভাবে করতে পারি, ৩৫০ রান তাড়া করা সম্ভব বলে আমার মনে হয়।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন কাভেম হজ। শেষ দিনে পরিস্থিতি বুঝে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

হজ বলেন, ‘তাদের (বাংলাদেশ) মানসিকতা কী হবে, তা বলা মুশকিল। আগেই বলেছি, আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। তারা যখন ব্যাট করতে নামবে, তখন হয়তো তাদের লক্ষ্য সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। তবে আপাতত আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারি।’

শেষ দিনে বাংলাদেশের ব্যাটারদের সামনে তাই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। হৃদয়ের বিশ্বাস সত্যি করতে হলে শুধু বড় লক্ষ্য তাড়া করাই নয়, গড়তে হবে দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

ক্যাটাগরি