ফিফা বিশ্বকাপ

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ডের মুখোমুখি মেসির দল

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে দুটি গোল করে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে এই এক গোলের লিড ধরে রাখে আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলে খেলতে শুরু করলে আক্রমণের গতি বাড়ায় সুইজারল্যান্ড। একাধিক কর্নার ও ফ্রি-কিক থেকে চাপ তৈরি করে তারা। এক পর্যায়ে লিসান্দ্রো মার্তিনেজের ভুলে গোলের দারুণ সুযোগ পান ব্রিল এমবোলো, তবে দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল রুখে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

এরপর দান এনদোয়ের দুর্দান্ত বাঁকানো শটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে গোলের কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় সুইসরা। প্রতারণার আশ্রয় নেওয়ায় ভিএআরের সহায়তায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হলেও নির্ধারিত সময় পর্যন্ত ১-১ সমতা ধরে রাখে সুইজারল্যান্ড।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। ১১২তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।

যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে থিয়াগো আলমাদার শট ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে পাঠান লাউতারো মার্তিনেজ। তার গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

এই জয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে জুড বেলিংহামের ইংল্যান্ড, যারা কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের দুই অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

ক্যাটাগরি