অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

অন্য দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে সৌদি সরকার।
শনিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৭ সালের হজ চুক্তি নিয়ে বৈঠক
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন সৌদি মন্ত্রী। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বিশেষ করে, কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে কিংবা পুরোপুরি ব্যবহার করতে ব্যর্থ হলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন তিনি।
সৌদি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ এ ছাড়া হজ, ওমরাহ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
সম্পর্ক জোরদারে গুরুত্ব বাংলাদেশের
বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির উদ্যোগ ও সেবার প্রশংসা করেন।
বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



