ধর্ম

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে ৭ ভাষায় ডিজিটাল মানচিত্র চালু

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে মুসল্লি ও দর্শনার্থীদের চলাচল সহজ করতে সাতটি আন্তর্জাতিক ভাষায় ইন্টার‌্যাক্টিভ ডিজিটাল মানচিত্র চালু করেছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।

নতুন এ ডিজিটাল মানচিত্রে ১৭টি বিভাগে ৯৫০টির বেশি দর্শনীয় স্থান ও সেবাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া এতে রয়েছে এক লাখেরও বেশি সম্ভাব্য পথের নির্দেশনা, ৬৫০টির বেশি কিউআর কোড এবং ছয়টি ইন্টার‌্যাক্টিভ স্ক্রিন।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত এ উদ্যোগের তথ্য অনুযায়ী, নতুন ডিজিটাল সেবার মাধ্যমে মুসল্লিরা দুই পবিত্র মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, নামাজের জায়গা, বিভিন্ন স্থাপনা ও প্রয়োজনীয় সেবাকেন্দ্র সহজেই খুঁজে নিতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পথনির্দেশনাও পাবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মানচিত্রটিতে মসজিদে হারাম ও মসজিদে নববির গুরুত্বপূর্ণ স্থানগুলো আলাদা আলাদা বিভাগে সাজানো হয়েছে।

মসজিদে হারামের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে পবিত্র কাবা, মাকামে ইবরাহিম, সাফা ও মারওয়া পাহাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। অন্যদিকে মসজিদে নববির মানচিত্রে রয়েছে রওজা শরিফ, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হুজরা, নামাজের স্থান, মিম্বরসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা।

ডিজিটাল মানচিত্রটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে এক লাখেরও বেশি সম্ভাব্য চলাচলের পথের নির্দেশনা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ছয়টি ইন্টার‌্যাক্টিভ স্ক্রিন এবং ৬৫০টির বেশি কিউআর কোডের মাধ্যমে দর্শনার্থীরা স্থানভিত্তিক তথ্য ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে জানতে পারবেন।

সাতটি আন্তর্জাতিক ভাষায় ব্যবহারের সুবিধা থাকায় বিভিন্ন দেশের মুসল্লি ও দর্শনার্থীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হজ, উমরা ও সারা বছর দুই পবিত্র মসজিদে আসা মুসল্লিদের চলাচল আরও সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাটাগরি