আগস্টের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এল ৯১ কোটি ৪৬ লাখ ডলার

চলতি আগস্ট মাসের প্রথম আট দিনে দেশে ৯১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে এর পরিমাণ প্রায় ১১ হাজার ২২৭ কোটি টাকা।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, আগস্টের প্রথম আট দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৫০০ ডলার করে রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে দৈনিক গড় রেমিট্যান্স ছিল ৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ৬৬৭ ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে দৈনিক গড় প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩৭৭ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
আগস্টের প্রথম আট দিনে ব্যাংকভিত্তিক হিসাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার।
এ সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি ৬৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৫০ হাজার ডলার।
খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের এভাবে ধারাবাহিকভাবে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা অব্যাহত থাকলে চলতি আগস্টে প্রবাসী আয় নতুন রেকর্ড গড়তে পারে। রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে।
এফ বার্তা/ এইচ




